রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশকুবিতে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন, দাফন বাগমারায়

কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন, দাফন বাগমারায়

favicon
ভোরের আলো ডেস্ক:
কুবিতে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন, দাফন বাগমারায়

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।


রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় মায়ের কর্মস্থল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাঠে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


এরপর বেলা ১১টায় দক্ষিণ বাগমারা কোটবাড়ি এলাকায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে সেখানেই অপ্রতিমকে দাফন করা হবে।


অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে শালবন বিহারে ছবি তুলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সে। সন্ধ্যার পরও বাসায় না ফেরায় তার মা কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।


পরদিন শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলা থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে রাত ৮টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


এদিকে অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তুহিন, ফাহিম ও আনাস নামে তিনজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে আটক তুহিনের বাসা থেকে অপ্রতিমের কাছে থাকা আইফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি তুহিনের মা স্বীকার করেছেন।


এ ঘটনায় বিস্তারিত জানাতে রোববার দুপুর ১২টায় কুমিল্লার পুলিশ সুপার সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।