থাইল্যান্ড যাওয়ার পথে শাহজালাল বিমানবন্দরে নুসরাত ফারিয়া আটক
আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (১৮ মে) তিনি থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে তাকে আটকে দেওয়া হয়।
বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।
জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় আন্দোলনের বিপক্ষে কাজ করার অভিযোগে এই মামলায় নুসরাত ফারিয়াকে আসামি করা হয়। অভিযোগ অনুযায়ী, তিনি ওই সময় অর্থ সহায়তাকারী হিসেবে জড়িত ছিলেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী এখনও আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও, তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে। নুসরাত ফারিয়ার পক্ষ থেকেও কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।