সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশটাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

favicon
ভোরের আলো ডেস্ক:
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল সদর উপজেলায় ছোরমান রেজা (৪৫) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের দরুন এলাকার একটি পরিত্যক্ত ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। হত্যার কারণ এখনো জানা যায়নি।


টাঙ্গাইলে ছোরমান রেজা (৪৫) নামে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের দরুন এলাকার একটি পরিত্যক্ত ফিলিং স্টেশনে এ হত্যাকাণ্ড ঘটে।


নিহত ছোরমান রেজা টাঙ্গাইল সদর উপজেলার ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে। তিনি গালা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। ইউপি সদস্যের দায়িত্ব পালনের পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।


নিহতের ভাই হালিম রেজা বলেন, ছোরমান একবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি ব্যবসা করতেন। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তারা বুঝতে পারছেন না। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।


টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী জানান, দুপুরে পরিত্যক্ত ফিলিং স্টেশনে হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে ছোরমান রেজার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।