সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশচার মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, সুন্দরগঞ্জে আতঙ্ক

চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, সুন্দরগঞ্জে আতঙ্ক

favicon
ভোরের আলো ডেস্ক:
চার মিনিটে তিন ককটেল বিস্ফোরণ, সুন্দরগঞ্জে আতঙ্ক

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভোররাতে মাত্র চার মিনিটের ব্যবধানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বিকট শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে ককটেলের খোসা উদ্ধার করেছে পুলিশ।


রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপালচরণ এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, ভোর ৪টা ২৬ মিনিটে জামায়াত নেতা ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু সোলাইমান সরকার সাজা’র বাসভবনের সামনে প্রথম বিস্ফোরণ ঘটে। এর দুই মিনিট পর ৪টা ২৮ মিনিটে গোপালচরণ উচ্চ বিদ্যালয়ের সামনে দ্বিতীয় বিস্ফোরণ হয়।


এরপর ৪টা ৩০ মিনিটে বিদ্যালয়ের দক্ষিণ পাশের সড়কে তৃতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। পরপর তিনটি বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসেন। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।


স্থানীয়দের দাবি, বিস্ফোরণের পর সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে।


আবু সোলাইমান সরকার সাজা বলেন, ফজরের আগে প্রথমে তার বাড়ির সামনে বিকট শব্দ হয়। কিছুক্ষণ পর বিদ্যালয়ের সামনে এবং পরে বিদ্যালয়ের দক্ষিণ পাশের সড়কে আরও দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পান তিনি। পরপর তিনটি বিস্ফোরণের ঘটনায় তিনি ও আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।


তিনি বলেন, এলাকায় এর আগে কখনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। বিস্ফোরণের শব্দ শুনে ঘর থেকে বের হয়ে আশপাশের লোকজনকেও বাইরে দেখতে পান।


ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিস্ফোরণের আলামত হিসেবে ককটেলের খোসা উদ্ধার করে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।