মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশআশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন

favicon
ভোরের আলো ডেস্ক:
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিস্ফোরণের পর ভয়াবহ আগুনে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানসহ কয়েকটি গাড়ি পুড়ে যায়।


রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রিটি গ্রুপের একটি পোশাক কারখানা চত্বরে এ দুর্ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে জয়নব (৫৫) নামে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি গাজীপুরের কাশিমপুর এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী। এছাড়া কাভার্ড ভ্যানের ভেতর থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কারখানায় ব্যবহারের জন্য গ্যাস সিলিন্ডার নিয়ে আসা একটি কাভার্ড ভ্যান থেকে সিলিন্ডার নামানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং একের পর এক সিলিন্ডার বিস্ফোরিত হতে থাকে।


বিস্ফোরণের তীব্রতায় কারখানা ভবনের জানালার কাচ ভেঙে যায়। পরে আগুন আশপাশে থাকা আরও পাঁচ থেকে ছয়টি গাড়িতে ছড়িয়ে পড়ে।


প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত জয়নব কারখানা চত্বর থেকে প্রায় ২০০ গজ দূরে একটি টেইলার্সের দোকানে দাঁড়িয়ে ছিলেন। সেখানে তার মেয়ে সানজিদা আক্তার কাজ করেন। মেয়ের বাসায় বেড়াতে এসেছিলেন জয়নব। বিস্ফোরণের সময় একটি সিলিন্ডার ছিটকে টেইলার্সের টিনের ছাদ ভেদ করে তার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় সেখানে থাকা আরও কয়েকজন আহত হন।


ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সোমেন বড়ুয়া জানান, কারখানায় ব্যবহারের জন্য গ্যাস সিলিন্ডার নামানোর সময় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।


আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, কারখানা থেকে কিছুটা দূরে ছিটকে আসা একটি সিলিন্ডারের আঘাতে এক নারী নিহত হন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন।


রাত সোয়া ১১টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানের ভেতর থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।