পাঁচ দিনেই কোটির ঘরে তৌসিফ-সাদনিমার ‘আপন পর’
পারিবারিক সংকট, মা-ছেলের সম্পর্কের টানাপোড়েন, প্রেম, বাস্তবতা ও আত্মত্যাগের আবেগঘন গল্প নিয়ে নির্মিত নাটক ‘আপন পর’। প্রকাশের পর থেকেই নাটকের রিফাত চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন তৌসিফ মাহবুব।
মুক্তির মাত্র পাঁচ দিনের মধ্যেই নাটকটি এক কোটি দর্শকসংখ্যার মাইলফলক পেরিয়েছে। নাটকের গল্পে উঠে এসেছে মায়ের মমতা, ভালোবাসা ও সমাদর পাওয়ার আকাঙ্ক্ষা এবং প্রিয় মানুষের জন্য একজন মানুষের আত্মত্যাগের নানা দিক।
নাটকে দেখা যায়, ছোটবেলা থেকেই মাতৃস্নেহের অভাব অনুভব করে রিফাত। সৎমায়ের কাছ থেকে মায়ের ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা ধীরে ধীরে তার মধ্যে তীব্র হয়ে ওঠে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মায়ের আপন ছেলের মতো সমাদর না পাওয়ার কষ্ট তাকে মানসিকভাবে ভেতর থেকে নিঃস্ব করে দেয়।
একপর্যায়ে মায়ের একটি ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের জীবনের বড় ধরনের ত্যাগ স্বীকার করে রিফাত। তার সেই আত্মত্যাগের গল্পই নাটকটির আবেগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
রিফাতের মায়ের চরিত্রে অভিনয় করেছেন বিজরী বরকতুল্লাহ। দীর্ঘদিন পর তাকে পর্দায় দেখে উচ্ছ্বসিত হয়েছেন তার ভক্ত-অনুরাগীরাও।
অন্যদিকে, তৌসিফ মাহবুবের বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান। নতুন এই জুটিকেও বেশ পছন্দ করেছেন দর্শকরা। তৌসিফ ও সাদনিমার অভিনয়ের পাশাপাশি তাদের রসায়ন নিয়েও দর্শকদের মন্তব্যে প্রশংসা দেখা গেছে।
নাটকটি দর্শকদের মধ্যে কতটা সাড়া ফেলেছে, তার প্রমাণ মিলছে এর দর্শকপ্রতিক্রিয়ায়। ইউটিউবে নাটকটিতে ৯০ হাজারের বেশি লাইক পড়েছে। পাশাপাশি জমা পড়েছে প্রায় চার হাজার মন্তব্য।
দর্শকদের অনেকেই নাটকটির গল্প ও অভিনয়ের প্রশংসা করেছেন। কেউ কেউ জানিয়েছেন, নাটকটি একাধিকবার দেখেছেন। বিশেষ করে রিফাত চরিত্রে তৌসিফের অভিনয় এবং আবেগঘন দৃশ্যগুলো দর্শকদের মনে দাগ কেটেছে।
নাটকের একটি দৃশ্য নিয়ে এক দর্শক লিখেছেন, তৌসিফ যখন বাবা-মায়ের কবরের পাশে বসে কান্না করছিলেন, সেটি দেখে তিনি নিজেও কেঁদে ফেলেছেন। আরেক দর্শক তৌসিফ ও সাদনিমার জুটির প্রশংসা করে তাদের দুজনকে একসঙ্গে বেশ মানিয়েছে বলে মন্তব্য করেছেন।
নাটকের গল্পও আবেগতাড়িত করেছে দর্শকদের। একজন দর্শক মায়ের ভালোবাসার গুরুত্ব তুলে ধরে নাটকটির প্রশংসা করেছেন। অন্য একজন মন্তব্য করেছেন, মায়ের সামান্য ভালোবাসা পাওয়ার জন্য একজন সন্তান কতটা ত্যাগ স্বীকার করতে পারে, নাটকটিতে সেটিই ফুটে উঠেছে।
মেসবাহউদ্দিন সুমনের চিত্রনাট্যে ‘আপন পর’ নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। নাটকটিতে ‘আদরে আস্তিন’ শিরোনামের একটি গানও ব্যবহার করা হয়েছে। মাহবুব রহমানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মার্সেল। গানটিতে কণ্ঠ দিয়েছেন কণা ও রিয়াদ।