মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশগাজী নজরুলের বিষয়ে জামায়াতের কোনো বক্তব্য নেই: শিশির মনির

গাজী নজরুলের বিষয়ে জামায়াতের কোনো বক্তব্য নেই: শিশির মনির

favicon
ভোরের আলো ডেস্ক:
গাজী নজরুলের বিষয়ে জামায়াতের কোনো বক্তব্য নেই: শিশির মনির

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে এক নারীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো বক্তব্য নেই বলে জানিয়েছেন দলটির আইনজীবী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।


সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাম্প্রতিক ঘটনায় গাজী নজরুল ইসলাম গ্রেফতার হয়েছেন এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


শিশির মনির বলেন, নৈতিক স্খলনের অভিযোগে গাজী নজরুল ইসলামকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। ফলে বর্তমানে তার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না—এ বিষয়ে শিশির মনির বলেন, বিষয়টি জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।


এদিকে দেশের চলমান রাজনৈতিক ও আইনি সংকট নিরসনে ব্যক্তি-ইগো বা জেদ পরিহারের আহ্বান জানিয়েছেন শিশির মনির। তিনি বলেন, সাময়িক কোনো সংশোধনীর মাধ্যমে সংকটের স্থায়ী সমাধান হবে না। গণভোটের রায়ের আলোকে সংস্কার পরিষদের মাধ্যমে একটি স্থায়ী ও টেকসই সমাধানে পৌঁছানো প্রয়োজন।


জুলাই সনদ ও সংস্কার প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, মীমাংসিত বিষয়গুলোকে নতুন করে বিতর্কিত করার উদ্যোগ সময়ক্ষেপণ সৃষ্টি করতে পারে। নতুন করে মতবিনিময়ের মাধ্যমে মীমাংসিত বিষয়গুলোকে আবার অমীমাংসিত করার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি।


শিশির মনির আরও বলেন, নির্বাচনী সমঝোতা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার পরিষদের কাজ শেষ করার কথা থাকলেও তা ঝুলিয়ে রাখা এবং মীমাংসিত জুলাই সনদ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করা কল্যাণকর নয়।


মীমাংসিত বিষয়গুলো পাশ কাটিয়ে অচলাবস্থা তৈরি না করে দ্রুত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দীর্ঘমেয়াদি সাংবিধানিক সংস্কার সম্পন্ন করার প্রত্যাশাও জানান তিনি।