বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
হোমসারা দেশকষ্টিপাথরের মূর্তিসহ চার পাচারকারী আটক, মূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা

কষ্টিপাথরের মূর্তিসহ চার পাচারকারী আটক, মূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
কষ্টিপাথরের মূর্তিসহ চার পাচারকারী আটক, মূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা

জয়পুরহাটের আক্কেলপুরে ভারতে পাচারের প্রস্তুতিকালে ৭২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী চক্রের চার সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ দল।


আটকরা হলেন—আক্কেলপুর সদরের মৃত সিরাজ সরদারের ছেলে হামিদুর রহমান (৬২), শ্রীরামপুরের অনন্তপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে জাকির হোসেন (৫০), সোনামুখীর জালালপুর গ্রামের শ্রী সুচীন চন্দ্র মণ্ডলের ছেলে মুকুল চন্দ্র মণ্ডল (৩৮) এবং বিহারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে কামাল হোসেন (৬০)।


মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ভারতে পাচারের উদ্দেশ্যে আক্কেলপুর এলাকায় একটি চক্র কষ্টিপাথরের একটি মূর্তি মজুত করেছে। পরে সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিহারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালায় বিজিবি ও এসআরবির যৌথ টহলদল।


অভিযানে কষ্টিপাথরের মূর্তিসহ মুকুল চন্দ্র মণ্ডল ও কামাল হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের আরও দুই সদস্য হামিদুর রহমান ও জাকির হোসেনকে আটক করা হয়।


উদ্ধার করা মূর্তিটির ওজন ৭২ কেজি ৯০০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।


জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী জানান, উদ্ধার করা মূর্তি ও আটক চারজনকে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।