রানি মুখার্জির মায়ের শেষকৃত্যে বলিউডের তারকারা
বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জির শেষকৃত্যে জড়ো হয়েছেন বলিউডের একঝাঁক তারকা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ৭৫ বছর বয়সে মারা যান কৃষ্ণা মুখার্জি।
মায়ের মৃত্যুতে শোকাহত পরিবারের পক্ষ থেকে সবার কাছে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে। তবে কৃষ্ণা মুখার্জির মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মুম্বাইয়ে রানি মুখার্জির বাড়িতে একে একে ছুটে যান বলিউডের অনেক পরিচিত মুখ। পরে জুহুর পবন হংস শ্মশানে কৃষ্ণা মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান ও তার স্ত্রী গৌরি খান, আমির খান ও তার স্ত্রী গৌরি স্প্র্যাট, আলিয়া ভাট, অনিল কাপুর, ফারহান আখতার, কবির খান, অয়ন মুখার্জি, করণ জোহর, শিল্পা শেঠি, অপূর্ব মেহতা ও আশুতোষ গোয়ারিকরসহ বলিউডের অনেক তারকা। শেষকৃত্যকে কেন্দ্র করে শ্মশান এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তাব্যবস্থা।
কৃষ্ণা মুখার্জিও চলচ্চিত্রসংশ্লিষ্ট একটি পরিবারের সদস্য ছিলেন। তিনি চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জিকে বিয়ে করেছিলেন। ২০১৭ সালে মারা যান রাম মুখার্জি। মুম্বাইয়ের ফিল্মালয়া স্টুডিও প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
রাম মুখার্জি ১৯৬০ সালে ‘হাম হিন্দুস্তানি’ এবং ১৯৬৪ সালে ‘লিডার’ সিনেমা পরিচালনা করেন। ‘লিডার’ সিনেমায় অভিনয় করেছিলেন দিলীপ কুমার ও বৈজয়ন্তীমালা।
রাম ও কৃষ্ণা মুখার্জি দম্পতির দুই সন্তান—অভিনেত্রী রানি মুখার্জি ও প্রযোজক রাজা মুখার্জি।
অভিনয়ের পাশাপাশি সংগীতের সঙ্গেও যুক্ত ছিলেন কৃষ্ণা। ১৯৮২ সালের ‘তিসরি আঁখ’ সিনেমার ‘ইদ কে দিন গলে মিল লে রাজা’ গানটিতে প্লেব্যাক করেছিলেন তিনি।