হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়া জামিন পেয়েছেন
রাজধানীর ভাটারা থানায় দায়েরকৃত একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিন পেয়েছেন। মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জামিন শুনানি শেষে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন।
এর আগে গতকাল সোমবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার জামিনের আবেদন শুনানি না করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং ২২ মে শুনানির দিন ধার্য করেন।
প্রসঙ্গত, গত রোববার (১৮ মে) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে পুলিশ। পরে ভাটারা থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং পরদিন আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক বিল্লাল ভূঁইয়া শুনানিতে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আদালত তা মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান এবং জামিন শুনানির জন্য ২২ মে দিন ধার্য করেন, যা আজ এগিয়ে এনে শুনানি শেষে জামিন মঞ্জুর করা হয়।
মামলার পটভূমি:
‘জুলাই আন্দোলন’-এর সময় গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার সামনে আন্দোলনকারীরা অবস্থান নেন। এ সময় গুলি চালানো হয় এবং এনামুল হক নামে এক ব্যক্তির পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন এবং পরে ঢাকার সিএমএম আদালতে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও তিন-চারশ’ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন অভিনেতা-অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, জায়েদ খান প্রমুখ মোট ১৭ জন তারকা।