কাজল ‘দৃশ্যম’-এ থাকলে প্রথম সিনেমাই হতো না: অজয় দেবগন
জনপ্রিয় ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে স্ত্রী ও অভিনেত্রী কাজল অভিনয় করলে কী হতো—এমন প্রশ্নের মজার উত্তর দিয়েছেন অজয় দেবগন। তার রসিক মন্তব্য, কাজল থাকলে হয়তো সিনেমার মূল রহস্য শুরুতেই ফাঁস হয়ে যেত, এমনকি প্রথম ছবিটিই তৈরি করা সম্ভব হতো না।
নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন পর্বে হাজির হয়ে এ নিয়ে কথা বলেন অজয় দেবগন। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন ‘দৃশ্যম’ ছবির সহ-অভিনেত্রী শ্রেয়া সরণ, এশা দত্ত, জয়দীপ আহলাওয়াত ও মৃণাল যাদব।
অনুষ্ঠানের একপর্যায়ে সঞ্চালক কপিল শর্মা পরিচালক অভিষেক পাঠককে মজা করে প্রশ্ন করেন, প্রথম পর্বে কাজলকে অভিনয়ে নেওয়া হলে তিনি কি অজয়ের কাছ থেকে ছবির সব গোপন তথ্য শুরুতেই প্রকাশ করিয়ে ফেলতেন?
কপিলের প্রশ্ন শেষ হওয়ার আগেই রসিকতা করে অজয় দেবগন বলেন, ‘তাহলে তো প্রথম সিনেমাটাই তৈরি হতো না!’
অনুষ্ঠানে কপিল শর্মা অজয়ের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয়ের বিষয়টিও তুলে ধরেন। মজা করে তিনি জানান, প্রায় ১৫ বছর ধরে অজয়কে চেনেন। তবে এই দীর্ঘ সময়ে তাদের কথাবার্তা খুব বেশি হয়নি। দুজনের কথোপকথন অনেক সময় ‘আমি ভালো আছি, আপনি কেমন আছেন?’—এই সংক্ষিপ্ত বাক্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে বলেও রসিকতা করেন কপিল।
এদিকে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ মুক্তির প্রস্তুতি নিচ্ছে। প্যানোরামা স্টুডিওস ও স্টার স্টুডিও১৮-এর প্রযোজনায় নির্মিত ছবিটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক।
আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। এবার মালায়ালম ‘দৃশ্যম’-এর কাহিনি অনুসরণ না করে সম্পূর্ণ মৌলিক গল্প নিয়ে পর্দায় আসছে নতুন এই কিস্তি।