রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
হোম › বিনোদন › সালমান খানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, বিতর্কে ‘পঞ্চায়েত’ অভিনেতা

সালমান খানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, বিতর্কে ‘পঞ্চায়েত’ অভিনেতা

favicon
ভোরের আলো ডেস্ক:
সালমান খানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, বিতর্কে ‘পঞ্চায়েত’ অভিনেতা

ভারতের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’খ্যাত অভিনেতা আসিফ খান এবার ‘বিগ বস ২০’-এর ঘরে দেওয়া এক মন্তব্যকে ঘিরে বিতর্কে জড়িয়েছেন। পুরুষত্ব ও গোঁফ নিয়ে তার মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।


সম্প্রতি ‘বিগ বস’-এর ঘরে অধিনায়কত্ব নির্বাচন নিয়ে প্রতিযোগীদের মধ্যে আলোচনা চলছিল। এ সময় প্রতিযোগী গুল্লু অভিযোগ করেন, আরেক প্রতিযোগী ইয়াং ডিএসএ তার দলের সদস্যদের গোঁফ নিজের পছন্দমতো সাজিয়ে দিচ্ছেন।


এর জবাবে নিজের রাজস্থানি সংস্কৃতির প্রসঙ্গ টেনে আসিফ খান বলেন, ‘আমরা রাজস্থান থেকে এসেছি। এই গোঁফ আমাদের পরিচয়, আর যাদের গোঁফ নেই, তাদের আমরা পুরুষ মানুষ বলে গণ্যই করি না! তাই দাড়ি-গোঁফ এমনই রাখা হয়।’


আসিফের এই মন্তব্যের পর অনুষ্ঠানের অন্য প্রতিযোগীরা এর প্রতিবাদ করেন। তাদের বক্তব্য, গোঁফ থাকা বা না থাকার সঙ্গে পুরুষত্বের কোনো সম্পর্ক নেই। এ সময় তারা অনুষ্ঠানের সঞ্চালক সালমান খানের প্রসঙ্গও তোলেন। কারণ সালমান খানকেও সবসময় গোঁফে দেখা যায় না।


অন্য এক প্রতিযোগী আসিফের বক্তব্যের বিরোধিতা করে বলেন, একজন প্রকৃত পুরুষ কখনো উগ্র বা হিংসুটে হন না; বরং তিনি পুরো পরিবারকে একসঙ্গে আগলে রাখেন।


এদিকে আসিফ খানের মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা। নেটিজেনদের একাংশ মনে করছেন, তার মন্তব্যের মাধ্যমে পরোক্ষভাবে সালমান খানকেও ইঙ্গিত করা হয়েছে। তবে এ বিষয়ে আসিফ খানের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়ার কথা জানা যায়নি।


আসিফ খানের এই মন্তব্যকে ঘিরে ‘বিগ বস ২০’-এর ঘরে বিতর্ক আরও কতটা গড়ায়, এখন সেটিই দেখার বিষয়।