রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
হোম › সারা দেশ › অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি বাবার

অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি বাবার

favicon
ভোরের আলো ডেস্ক:
অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি বাবার

কুমিল্লায় হত্যাকাণ্ডের শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম ও তার পরিবারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অপ্রতিমের বাবা ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার।


শনিবার (২৬ সেপ্টেম্বর) জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম।


পুলিশ জানায়, বিভিন্ন নম্বর থেকে অপ্রতিমের পরিবারকে হুমকি দেওয়ার বিষয়ে কোনো জিডি করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ফেক আইডি খুলে অপ্রতিম ও তার পরিবারকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে—এমন অভিযোগে তার বাবা জিডি করেছেন।


অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, এর আগের দিন একটি নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল। পরে নম্বরটি ব্লক করে দেওয়া হয়। অপপ্রচারের বিষয়ে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।


এর আগে গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি গন্ধমতী এলাকার বাসা থেকে আইফোন নিয়ে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। ওই দিনই তার বাবা সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।


পরদিন ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন তার বাবা।


পুলিশের ভাষ্য, অপ্রতিমের কাছে থাকা তার মায়ের আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে মুঠোফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে বাঁশের লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


অপ্রতিম হত্যা মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।


অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে। সে কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।