মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › সারা দেশ › অনুমোদনবিহীন শিশু খাদ্য বিক্রি, কেশবপুরে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

অনুমোদনবিহীন শিশু খাদ্য বিক্রি, কেশবপুরে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

favicon
ভোরের আলো ডেস্ক:
অনুমোদনবিহীন শিশু খাদ্য বিক্রি, কেশবপুরে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

যশোরের কেশবপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কেশবপুর পৌর শহরের গমপট্টি এলাকার ইত্যাদি স্টোরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক স্বপন কুমার দাসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের তিনটি ধারায় এ জরিমানা করা হয়।


যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।


অভিযান সংশ্লিষ্টরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে বিএসটিআইয়ের অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্সবিহীন বিভিন্ন শিশু খাদ্য ও পানীয় বিক্রির তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে জিরাচিফ, নাটোরের কাঁচাগোল্লা, বিভিন্ন নামহীন জুসসহ কয়েক ধরনের খাদ্যপণ্য পাওয়া যায়।


এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় ৫০ হাজার টাকা, ৪৩ ধারায় ১ লাখ টাকা এবং ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ২ লাখ টাকা জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।


এ সময় ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়ালে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রতিষ্ঠানটির মালিককে সতর্ক করা হয়।


অভিযানে কেশবপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুশান্ত কুমার ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় অনুমোদনবিহীন খাদ্যপণ্য জনসম্মুখে বিনষ্ট করা হয়।