বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › সারা দেশ › ঘুষ লেনদেনের ভিডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

ঘুষ লেনদেনের ভিডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

favicon
ভোরের আলো ডেস্ক:
ঘুষ লেনদেনের ভিডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

লক্ষ্মীপুরে আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


সোমবার (২৮ সেপ্টেম্বর) পিডিবির তদন্ত ও শৃঙ্খলা পরিদপ্তরের সহকারী পরিচালক-৩ মো. কাউসার আহমেদ অপু স্বাক্ষরিত এক দপ্তরাদেশে তার সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।


দপ্তরাদেশে বলা হয়েছে, নুরুল আমিনের বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচারিত হওয়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা, ১৯৮২-এর ১৪১(১) বিধির আওতায় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওই বিধি অনুযায়ী তাকে পিডিবির চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।


এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ৮ মিনিট ৫০ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে নুরুল আমিনকে বিভিন্ন প্রকল্পের মালামাল, ঠিকাদারদের বিল পরিশোধ এবং আর্থিক লেনদেন নিয়ে কথা বলতে শোনা যায়।


ভিডিওর একটি অংশে তাকে বলতে শোনা যায়, ‘আমি ২ কোটি টাকার নিচে নেব না।’ অন্য একটি অংশে একটি বিলের বিপরীতে ২ কোটি টাকা নেওয়া এবং বিভিন্ন প্রকল্পের মালামাল নিয়ে হিসাব-নিকাশের কথাও বলতে শোনা যায়।


ভিডিওতে কয়েকজন ব্যক্তির কাছ থেকে নগদ টাকা গ্রহণের দৃশ্যও রয়েছে। তবে গোপন ক্যামেরার আড়ালে থাকা ওই ব্যক্তিদের পরিচয় বা মুখ স্পষ্টভাবে দেখা যায়নি। একপর্যায়ে একজন ব্যক্তির সঙ্গে টাকার পরিমাণ নিয়েও কথোপকথন করতে দেখা যায় তাকে।


ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সোমবার সকালে ও দুপুরে নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, সোমবার ভোরে তিনি কার্যালয়ে প্রবেশ করলেও কিছুক্ষণ পর সরকারি বাসভবনে চলে যান। পরে আর অফিসকক্ষে ফেরেননি এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। সন্ধ্যায় একটি ব্যক্তিগত গাড়িতে করে সরকারি বাসভবন থেকে বেরিয়ে যান বলে জানা গেছে।


এদিকে স্থানীয় গ্রাহকদের অভিযোগ, নুরুল আমিনের বিরুদ্ধে মিটার সংযোগ, লাইন নির্মাণ ও সংস্কারসহ বিভিন্ন কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।


তবে ভাইরাল হওয়া ভিডিওটির বিষয়ে নুরুল আমিনের বক্তব্য পাওয়া যায়নি। দপ্তরাদেশে উত্থাপিত অভিযোগের চূড়ান্ত সত্যতা বা দায় নির্ধারণের বিষয়টি তদন্ত ও সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।