বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ২ কোটি ২৭ লাখ টাকা আত্মসাৎ, পলাতক ক্যাশ অফিসার গ্রেফতার

শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ২ কোটি ২৭ লাখ টাকা আত্মসাৎ, পলাতক ক্যাশ অফিসার গ্রেফতার

favicon
ভোরের আলো ডেস্ক:
শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ২ কোটি ২৭ লাখ টাকা আত্মসাৎ, পলাতক ক্যাশ অফিসার গ্রেফতার

মুন্সিগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ১৪টি হিসাব থেকে ২ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে পলাতক ক্যাশ অফিসার মো. শরিফুজ্জামান সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর মিরপুর-১ এলাকার পাইকপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ও শ্রীনগর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।


পুলিশ জানায়, গ্রেফতারের পর বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে শরিফুজ্জামান সোহাগকে মুন্সিগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


এর আগে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শ্রীনগরের অগ্রণী ব্যাংকের ওই কর্মকর্তার বিরুদ্ধে গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। অভিযোগ প্রকাশ্যে আসার পর ভুক্তভোগী গ্রাহকরা ব্যাংক শাখাটি ঘেরাও করেন।


এ ঘটনায় ওই রাতেই অগ্রণী ব্যাংকের শ্রীনগর শাখার প্রিন্সিপাল অফিসার শরীফ উদ্দিন বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর থেকেই ক্যাশ অফিসার শরিফুজ্জামান সোহাগ পলাতক ছিলেন।


ব্যাংকের ১৪টি হিসাব থেকে মোট ২ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।