বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › চালকদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় বাস চলাচল বন্ধ, অনির্দিষ্টকালের কর্মবিরতি

চালকদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় বাস চলাচল বন্ধ, অনির্দিষ্টকালের কর্মবিরতি

favicon
ভোরের আলো ডেস্ক:
চালকদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় বাস চলাচল বন্ধ, অনির্দিষ্টকালের কর্মবিরতি

বাস চালকদের ওপর দফায় দফায় হামলা ও মারধরের প্রতিবাদে নওগাঁয় আবারও অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বাস চালক ও হেল্পাররা। এর ফলে জেলা সদর থেকে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।


হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।


পরিবহন শ্রমিকদের সূত্রে জানা গেছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাস শ্রমিকদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে পরে নজিপুর এলাকায় এক বাসচালক ও সুপারভাইজারকে মারধরের অভিযোগ ওঠে সিএনজিচালকদের বিরুদ্ধে।


ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে বাস শ্রমিকরা কর্মবিরতির ডাক দেন। পরে বিষয়টি সমাধানে স্থানীয় প্রশাসনের সঙ্গে শ্রমিক ও মালিক নেতাদের কয়েক দফা বৈঠক হয়। বৈঠকের পর গতকাল সকাল থেকে জেলার সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।


তবে এর একদিন পরই পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে ওঠে। শ্রমিকদের অভিযোগ, গতকাল বদলগাছী এলাকায় এক বাসচালককে আবারও মারধর করেন কয়েকজন সিএনজিচালক।


এ ঘটনার প্রতিবাদে এবং বাস শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজ সকাল থেকে ফের সর্বাত্মক কর্মবিরতি শুরু করেন চালক ও হেল্পাররা। এরপর জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।


সকাল থেকে বিভিন্ন বাস টার্মিনালে বাসগুলো দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আকস্মিক কর্মবিরতির কারণে গন্তব্যে যেতে বের হওয়া যাত্রীরা পড়েছেন বিপাকে। অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে ব্যাটারিচালিত রিকশা, ভ্যানসহ বিভিন্ন বিকল্প যানবাহনে যাতায়াত করছেন।