বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০১ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › সালমান মুক্তাদিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন আমানউল্লাহ আমান

সালমান মুক্তাদিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন আমানউল্লাহ আমান

favicon
ভোরের আলো ডেস্ক:
সালমান মুক্তাদিরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন আমানউল্লাহ আমান

কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরকে প্রকাশ্যে ও নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ছাত্রদল নেতা আমানউল্লাহ আমান। বিএনপিকে চাঁদাবাজির সঙ্গে জড়ানোর মতো বক্তব্য দিয়ে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তিনি এ আহ্বান জানান।


বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আমানউল্লাহ আমান।


তিনি দাবি করেন, রাজধানীর একটি বিতর্কিত সম্পত্তি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের ঘটনায় বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। তার ভাষ্য, ঘটনাটির সঙ্গে ক্যান্টনমেন্ট থানার আওতাধীন এলাকার জামায়াতের এক সদস্য ও অন্য একটি পক্ষ জড়িত থাকলেও বিএনপিকে এর সঙ্গে যুক্ত করা হয়েছে।


আমানউল্লাহ আমানের অভিযোগ, সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের পর তিনি সরাসরি বিএনপিকে চাঁদাবাজির সঙ্গে যুক্ত করে বক্তব্য দিয়েছেন। এতে বিএনপির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মানুষের কাছে বিভ্রান্তিকর বার্তা গেছে বলে দাবি করেন তিনি।


সালমান মুক্তাদিরের উদ্দেশে আমানউল্লাহ আমান প্রশ্ন রাখেন, তিনি বিতর্কিত ওই সম্পত্তিতে জেনেশুনে বিনিয়োগ করে স্টুডিও নির্মাণ করেছিলেন কি না। কম ভাড়া বা বিনা মূল্যে সুবিধা নেওয়ার জন্য তাকে ব্যবহার করা হয়েছিল কি না, কিংবা তিনি নিজেই কারও স্বার্থে ব্যবহৃত হয়েছেন কি না—এসব বিষয়ও তিনি জানতে চান।


তবে স্টুডিও ভাঙচুরের যে প্রক্রিয়া ঘটেছে, সেটিও কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন আমানউল্লাহ আমান।


তিনি বলেন, বিএনপিকে চাঁদাবাজির সঙ্গে যুক্ত করে একটি নির্দিষ্ট বক্তব্যের কাঠামোয় উপস্থাপন করা হয়েছে। এতে দলটি রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন তিনি।


আমানউল্লাহ আমান আরও বলেন, সালমান মুক্তাদির যদি নিজের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে চান, তাহলে তাকে সংবাদ সম্মেলন বা সরাসরি সম্প্রচারের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করতে হবে এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।


তা না হলে তার বক্তব্যের বিরুদ্ধে আইনি ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।