চট্টগ্রামের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, ভূমিধসের শঙ্কা
মিয়ানমার ও তৎসংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত স্থল নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদফতর জানায়, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর মধ্যে কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, ভারী বৃষ্টিপাতের কারণে পাঁচ জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাশাপাশি পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকিও রয়েছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।