গাজীপুরে গার্মেন্টস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯ ইউনিট
গাজীপুর মহানগরীর ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টস কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে কারখানাটির আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আগুন নেভানোর পাশাপাশি কারখানায় আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বিকেল সোয়া ৪টা পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।