সোমবার , ১৬ নভেম্বর ২০২৬
সোমবার , ১৬ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › বাউফলে খণ্ডিত হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল রুহুল আমিনের মাথা ও শরীর

বাউফলে খণ্ডিত হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল রুহুল আমিনের মাথা ও শরীর

favicon
ভোরের আলো ডেস্ক:
বাউফলে খণ্ডিত হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল রুহুল আমিনের মাথা ও শরীর

পটুয়াখালীর বাউফলে মানবদেহের বিচ্ছিন্ন হাত ও পায়ের অংশ উদ্ধারের তিন দিন পর নিখোঁজ এক ব্যক্তির মাথা ও শরীরের অন্যান্য খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া অঙ্গ-প্রত্যঙ্গগুলো ৯ দিন ধরে নিখোঁজ জাহিদুল ইসলাম ওরফে রুহুল আমিন সিকদারের (৬০) বলে নিশ্চিত করেছে পুলিশ।


শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় বাউফল থানার সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার সব্যসাচী মজুমদার।


তিনি জানান, বিচ্ছিন্ন হাত ও পায়ের অংশ উদ্ধারের পর ঘটনাটির রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় শাহিদা বেগম ও আবুল বশার নামের দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।


পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং উদ্ধার হওয়া অঙ্গ-প্রত্যঙ্গ রুহুল আমিনের বলে জানান। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় কচুরিপানায় ভরা ডোবা ও ফসলি জমি থেকে মাথা ও শরীরের অন্যান্য খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। এর আগে একই এলাকার বিভিন্ন স্থান থেকে হাত ও পায়ের বিচ্ছিন্ন অংশ উদ্ধার করেছিল পুলিশ।


সহকারী পুলিশ সুপার সব্যসাচী মজুমদার আরও জানান, পুলিশের প্রাথমিক তদন্তে শাহিদা বেগমকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী, আর্থিক লেনদেন ও পরকীয়া সম্পর্কের বিরোধের জেরে তিনি আরও দুজনের সহযোগিতায় রুহুল আমিনকে হত্যা করেন। কয়েক মাস ধরে এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।


পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রথমে শাহিদা বেগম সরবতের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে রুহুল আমিনকে খাওয়ান। এতে তিনি অচেতন হয়ে পড়লে অন্যদের সহযোগিতায় তাঁকে হত্যা করা হয়। পরে সুতা কাটার ছুরি দিয়ে মরদেহের বিভিন্ন অঙ্গ বিচ্ছিন্ন করে আলাদা আলাদা স্থানে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।


এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।


উল্লেখ্য, নিহত জাহিদুল ইসলাম ওরফে রুহুল আমিন সিকদার বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের বাজেমহল গ্রামের বাসিন্দা ছিলেন।