ঢাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন
রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অবৈধভাবে দখল করা ফুটপাত উচ্ছেদ কার্যক্রম চলাকালে তিনি এ আহ্বান জানান।
এ সময় প্রশাসক বলেন, উচ্ছেদের পর কেউ আবার ফুটপাত দখল করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফুটপাত দখলমুক্ত রাখতে সিটি করপোরেশনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি চালানো হবে।
তিনি আরও বলেন, ককটেল বিস্ফোরণ কিংবা সহিংসতা সৃষ্টি করে এখন আর জনসমর্থন আদায় করা সম্ভব নয়। জনগণের আস্থা অর্জন করতে হলে মানুষের কল্যাণে কাজ করতে হবে।
আব্দুস সালাম বলেন, কোনো রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন জনকল্যাণমূলক কিংবা পরিচ্ছন্নতাবিষয়ক কর্মসূচি গ্রহণ করলে সিটি করপোরেশনের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।
ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সম্মিলিত সহযোগিতাও কামনা করেন ডিএসসিসি প্রশাসক।