করোনার সংক্রমণ বাড়লেও আতঙ্ক নয়, সচেতন থাকুন: স্বাস্থ্য অধিদফতর
দেশে সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণের হার কিছুটা বেড়েছে, তবে এতে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর বুধবার (১১ জুন) দুপুরে জানান, করোনার টিকা কার্যক্রম এখনও চলমান রয়েছে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, “ভয় পাওয়ার কিছু নেই। আশেপাশের দেশের তুলনায় বাংলাদেশে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা এখনও কম। ইতোমধ্যে ১৭ লাখ টিকা দেশের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে এবং আরও ১৪ লাখ টিকা মজুদ আছে।”
মহাপরিচালক জানান, সংক্রমণ শনাক্তে ২৮ হাজার র্যাপিড কিট সংগ্রহ করা হয়েছে এবং শিগগিরই ১০ হাজার আরটিপিসিআর কিট সংগ্রহ করা হবে। এছাড়াও, আন্তর্জাতিক সংস্থা ও বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে কিট সংগ্রহে যোগাযোগ অব্যাহত রয়েছে।
নতুন ভ্যারিয়েন্ট কতটা ভয়াবহ—এমন প্রশ্নের জবাবে অধিদফতরের এক কর্মকর্তা জানান, “এখনও এ বিষয়ে কোনো প্রতিষ্ঠিত গবেষণা নেই। সময়ের সঙ্গে বিষয়টি স্পষ্ট হবে।”
করোনা প্রতিরোধে আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে সংক্রমণ ছড়ানো ঠেকাতে দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরের আইএইচআর ডেস্কে নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, বাইরে বের হলে মাস্ক পরা, জ্বর-কাশির মতো উপসর্গ দেখা দিলে বাসায় অবস্থান এবং দ্রুত করোনা পরীক্ষা করার পরামর্শও দিয়েছেন চিকিৎসকরা।