টেনেসিতে সামরিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ: নিহত কমপক্ষে ১৬, তদন্তে এফবিআই
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে সামরিক বাহিনীর জন্য বিস্ফোরক তৈরির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় হামফ্রিজ কাউন্টির বাকসনোর্ট এলাকায় অবস্থিত ‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’ কোম্পানির প্রধান কার্যালয়ে এ বিস্ফোরণ ঘটে। কয়েক কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের তীব্র শব্দ অনুভূত হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, ঘটনাস্থল থেকে ১৮ জন নিখোঁজ হয়েছেন। তবে পরবর্তীতে কাউন্টির শেরিফ ডেভিস জানান, নিখোঁজদের মধ্যে দুইজন ওই সময় কারখানায় উপস্থিত ছিলেন না। তারা নিরাপদে রয়েছেন।
শনিবার সংবাদ সম্মেলনে শেরিফ ডেভিস বলেন,
“আমরা নিহতদের শুধু কর্মী হিসেবে নয়, আমাদের প্রিয়জন হিসেবে দেখছি। এটি আমাদের সবার জন্য গভীর শোকের সময়।”
তিনি আরও জানান, উদ্ধার তৎপরতা এখন পুনরুদ্ধার পর্যায়ে চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে।
এদিকে এফবিআই ও ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (ATF) ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। এখনো বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি। শেরিফের মতে, তদন্তে দিন, সপ্তাহ কিংবা মাস লেগে যেতে পারে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে থাকা বিপুল পরিমাণ বিস্ফোরক ও সামরিক উপকরণ উদ্ধার কাজকে জটিল করে তুলেছে।
এক বিবৃতিতে ‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’ ঘটনাটিকে “দুঃখজনক দুর্ঘটনা” বলে উল্লেখ করে উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানিয়েছে। তবে বিস্ফোরণের সম্ভাব্য কারণ সম্পর্কে কোনো মন্তব্য করেনি সংস্থাটি।
প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে রয়েছে আটটি উৎপাদন ভবন ও একটি মান নিয়ন্ত্রণ ল্যাব। স্থানীয় টেলিভিশন ডব্লিউটিভিএফ প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ভবনটির ধ্বংসাবশেষ থেকে আগুন ও ধোঁয়া বের হচ্ছে।
সূত্র: রয়টার্স, আল-জাজিরা