যুদ্ধবিরতি অমান্য করে গাজায় আরও ৯ ফিলিস্তিনি নিহত
যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় আরও ৯ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা সিটির দুটি পৃথক স্থানে এই ঘটনা ঘটে। খবর আলজাজিরা।
প্রতিবেদনে জানানো হয়, নিহতরা গাজা সিটি হয়ে নিজ নিজ বাড়িতে ফিরছিলেন, এমন সময় ইসরায়েলি সেনারা গুলি চালায়।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, নিহতদের মধ্যে কয়েকজন সেনাদের খুব কাছাকাছি চলে এসেছিলেন এবং সন্দেহভাজন মনে হওয়ায় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।
অপরদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গুলিবিদ্ধদের গাজার আল-আহলি ও আল-নাসের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
এর আগে, যুদ্ধবিরতির অংশ হিসেবে গত ১৩ অক্টোবর সশস্ত্র গোষ্ঠী হামাস ২০ জন ইসরায়েলি জিম্মিকে জীবিত মুক্তি দেয়। পাল্টা হিসেবে, গুরুতর সাজাপ্রাপ্ত আড়াইশ বন্দিসহ মোট ১,৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল। মুক্তদের স্বাগত জানাতে খান ইউনিসের নাসের হাসপাতালের সামনে বিপুল জনসমাগম হয়।