সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › রুশ তেল কেনা বন্ধে মোদির আশ্বাসকে ‘বড় অর্জন’ বললেন ট্রাম্প

রুশ তেল কেনা বন্ধে মোদির আশ্বাসকে ‘বড় অর্জন’ বললেন ট্রাম্প

favicon
অনলাইন সংস্করণ
রুশ তেল কেনা বন্ধে মোদির আশ্বাসকে ‘বড় অর্জন’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছেন। ইউক্রেন যুদ্ধের অর্থায়ন ঠেকাতে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির কৌশলের অংশ হিসেবে এই সিদ্ধান্তকে ট্রাম্প ‘একটি বড় অর্জন’ হিসেবে বর্ণনা করেছেন।


বুধবার (১৫ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “মোদি আমাকে আশ্বস্ত করেছেন যে খুব অল্প সময়ের মধ্যেই ভারত রুশ তেল কেনা বন্ধ করবে। এটা এক বিশাল সাফল্য। এখন চীনকেও একই পথে আনতে হবে।”


তবে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।


রাশিয়ার প্রধান রপ্তানি পণ্য তেল ও গ্যাস, যার অন্যতম বড় ক্রেতা দেশ ভারত, চীন ও তুরস্ক। ট্রাম্প প্রশাসন এখন জাপানকেও রুশ তেল ও গ্যাস আমদানি বন্ধে চাপ দিচ্ছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, তিনি জাপানের অর্থমন্ত্রী কাটসুনোবু কাতোর সঙ্গে বৈঠকে এই বিষয়ে মার্কিন প্রত্যাশার কথা জানিয়েছেন।


ট্রাম্প স্বীকার করেছেন, ভারত তাৎক্ষণিকভাবে রুশ তেল আমদানি বন্ধ করতে পারবে না। তিনি বলেন, “এটা কিছুটা সময়সাপেক্ষ প্রক্রিয়া, তবে খুব শিগগিরই এটি বাস্তবায়িত হবে।”


রুশ তেল ও অস্ত্র কেনার প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে, যা আগস্টে কার্যকর হয়েছে। ট্রাম্প একে “বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ শুল্ক” হিসেবে উল্লেখ করেছেন।


তবে ভারতীয় সরকার যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে “দ্বৈত মানদণ্ড” বলে সমালোচনা করেছে, কারণ পশ্চিমা দেশগুলোর অনেকেই এখনো রাশিয়ার সঙ্গে সীমিত বাণিজ্য চালিয়ে যাচ্ছে।


যদিও রুশ তেল ইস্যুতে দুই দেশের সম্পর্ক কিছুটা টানাপোড়েনে পড়েছে, তবুও ট্রাম্প মোদিকে “একজন মহান নেতা” হিসেবে প্রশংসা করেছেন।


গত সপ্তাহে মোদি জানান, তিনি ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং দুই দেশ “বাণিজ্য আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি” অর্জন করেছে।