নোবেল বিজয়ী পদার্থবিদ চেন নিং ইয়াং-এর মৃত্যু, বয়স ১০৩
বিশ্বখ্যাত চীনা-আমেরিকান পদার্থবিদ এবং নোবেল পুরস্কার বিজয়ী চেন নিং ইয়াং ১০৩ বছর বয়সে মারা গেছেন। ১৮ অক্টোবর বেইজিংয়ে তার মৃত্যু হয়েছে, চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া আজ শনিবার জানিয়েছে।
চেন নিং ইয়াং ১৯২২ সালে পূর্ব চীনের আনহুই প্রদেশের হেফেইতে জন্মগ্রহণ করেন। তিনি ‘স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স’ এবং ‘সিমেট্রি পার্টিক্যাল ফিজিক্স’ নিয়ে কাজের জন্য বিশ্বব্যাপী খ্যাত। ১৯৪০-এর দশকে একাডেমিক পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে যান এবং পরে শিক্ষকতা করেন।
১৯৫৭ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন ইয়াং। তিনি এবং রবার্ট মিলস কর্তৃক প্রবর্তিত ইয়াং-মিলস গেজ তত্ত্ব বিংশ শতাব্দীর পদার্থবিদ্যার অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত। চীনে ফিরে আসার পর তিনি ২০ বছরেরও বেশি সময় সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও আন্তর্জাতিক একাডেমিক বিনিময় কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
সূত্র: রয়টার্স।