জাপান সাগরে স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করল উত্তর কোরিয়া
আবারও ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় বুধবার (২২ অক্টোবর) সকালে দেশটির পূর্ব উপকূল থেকে জাপান সাগরের উদ্দেশে একাধিক স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, সকালে জাপান সাগরমুখী কয়েকটি বস্তু শনাক্ত করা হয়েছে, যা স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল বলে ধারণা করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৩৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। তবে এ মিসাইলগুলোর নির্দিষ্ট ধরন বা প্রযুক্তিগত বিবরণ এখনো প্রকাশ করা হয়নি।
এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে দক্ষিণ কোরিয়া। আসন্ন এপেক সম্মেলনের ঠিক এক সপ্তাহ আগে এমন পদক্ষেপকে তারা উসকানিমূলক বলে অভিহিত করেছে। আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিশ্বের শীর্ষ নেতারা।
এর আগে, গত মে মাসে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। চলতি মাসের শুরুতেও পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত সামরিক কুচকাওয়াজে দেশটি নতুন দূরপাল্লার ‘হোয়াসং-২০’ আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল প্রদর্শন করেছিল।