সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিয়েভে আটজন আহত

রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিয়েভে আটজন আহত

favicon
অনলাইন সংস্করণ
রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিয়েভে আটজন আহত

ইউক্রেনের রাজধানী কিয়েভে শনিবার (২৫ অক্টোবর) রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত আটজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলায় শহরের বিভিন্ন এলাকায় বাড়িঘর ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।


কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেন, রাজধানীতে বিস্ফোরণ ঘটেছে এবং শহরটি বর্তমানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার মুখে রয়েছে। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


দেসনিয়ানস্কি ও দারনিতস্কি জেলার কয়েকটি অনাবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। শহরের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, ডিনিপ্রোভস্কি এলাকাতেও ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন, যদিও সঠিক সংখ্যা জানা যায়নি।


প্রতিবেদন অনুযায়ী, শীতের আগ মুহূর্তে এই হামলা চালানো হয়েছে। ইউক্রেন ইতিমধ্যে যুদ্ধের মধ্যে তিনটি শীত পার করেছে, এবং তীব্র ঠান্ডার সময়কে যুদ্ধের জন্য কৌশলগত সময় হিসেবে ধরা হয়।


এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কিয়েভকে সহায়তা দিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার আহ্বান জানান। একই সময়ে ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের প্রতিরক্ষার জন্য আরও দুই বছরের অর্থায়নের পদক্ষেপ নেয় এবং যুক্তরাষ্ট্র ও ইইউ রাশিয়ার জ্বালানি খাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে—যার উদ্দেশ্য রাশিয়ার যুদ্ধ অর্থনীতিকে দুর্বল করা।