পাকিস্তানে দারিদ্র্যের হার আবার বাড়ছে: বিশ্বব্যাংকের প্রতিবেদন
প্রায় দুই দশক ধরে কমতে থাকা পাকিস্তানের দারিদ্র্য এখন আবার ঊর্ধ্বমুখী। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০০১-০২ অর্থবছরে যেখানে দারিদ্র্যের হার ছিল ৬৪ শতাংশ, তা কমে ২০১৮-১৯ অর্থবছরে ২২ শতাংশে নেমে এসেছিল। কিন্তু চলতি বছরে সেই হার আবার বেড়েছে।
বিশ্বব্যাংক জানায়, এটি কোনো আকস্মিক ধস নয়— বরং দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতার ফল। ২০১৫ সালের পর থেকেই দারিদ্র্য হ্রাসের গতি কমতে থাকে। দুর্বল সেফটি নেট, মানবসম্পদের ঘাটতি, প্রাকৃতিক দুর্যোগ ও লাগাতার মুদ্রাস্ফীতির কারণে পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ে।
প্রতিবেদন অনুযায়ী, দারিদ্র্য কমার ৫৭ শতাংশ অংশ কৃষিবহির্ভূত আয়ের মাধ্যমে হয়েছিল— যেমন শহরভিত্তিক অনানুষ্ঠানিক কাজ, সেবা খাত ও রেমিট্যান্স। তবে এসব উৎস ছিল অস্থায়ী, যা দীর্ঘমেয়াদি স্থিতি নিশ্চিত করতে পারেনি। ফলে সামান্য ধাক্কাতেই লাখো মানুষ আবার দারিদ্র্যের ফাঁদে পড়েছে।
কভিড-১৯ মহামারি, লাগামহীন মূল্যবৃদ্ধি এবং ২০২২ সালের ভয়াবহ বন্যা পরিস্থিতিকে আরও জটিল করেছে। বিশ্বব্যাংক বলছে, ভবিষ্যতে এই প্রবণতা ঠেকাতে দারিদ্র্যকে শুধুমাত্র সাময়িক সংকট নয়, বরং ভঙ্গুর অর্থনৈতিক কাঠামোর পরিণতি হিসেবে বিবেচনা করে সমাধান পরিকল্পনা নিতে হবে।
সূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল