ট্রাম্পের সফরের আগে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফর শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। দেশটির পশ্চিম উপকূলীয় ইয়েলো সি অঞ্চল থেকে সমুদ্রের ওপর দিয়ে ভূমির লক্ষ্যবস্তুতে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানায়, মঙ্গলবার পরিচালিত ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে দুই ঘণ্টারও বেশি সময় উড়ে ছিল।
পরীক্ষাটি তদারকি করেন উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা পাক জং চোন। তিনি বলেন, এই পরীক্ষা দেশের পারমাণবিক শক্তি বিকাশে একটি গুরুত্বপূর্ণ সাফল্য এবং এটি যুদ্ধ প্রতিরোধক সক্ষমতা আরও জোরদার করবে।
পাক আরও জানান, “বিভিন্ন কৌশলগত আক্রমণ পরিচালনা ও শত্রুর প্রতিক্রিয়া পর্যবেক্ষণই ছিল এই পরীক্ষার উদ্দেশ্য। পারমাণবিক যুদ্ধের কৌশল ক্রমাগত উন্নত করা আমাদের দায়িত্ব।”
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (JCS) জানায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে উত্তর কোরিয়া দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জলসীমা থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। বর্তমানে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথভাবে অস্ত্রগুলোর বিশ্লেষণ করছে এবং যেকোনো উসকানির বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে।
এদিকে ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় অবস্থানকালে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন, যদিও সিউল জানিয়েছে, এমন বৈঠকের সম্ভাবনা খুবই কম। ট্রাম্প সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও একটি শীর্ষ বৈঠকে অংশ নেবেন।
অন্যদিকে কিম জং উন বলেছেন, তিনি ট্রাম্পের সঙ্গে অতীতের “সুন্দর স্মৃতি” ধরে রেখেছেন, তবে আলোচনায় বসবেন কেবল তখনই, যদি ওয়াশিংটন তার পারমাণবিক কর্মসূচি পরিত্যাগের জন্য চাপ দেওয়া বন্ধ করে।
উল্লেখ্য, ২০১৯ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে দুই নেতার মধ্যে পারমাণবিক কূটনীতি ভেঙে পড়ার পর থেকে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা এড়িয়ে চলছে।
সূত্র: আলজাজিরা।