ক্যালিফোর্নিয়ায় পুলিশ সদস্যকে গুলি করে হত্যা, সিনেমার মতো ধাওয়া শেষে হত্যাকারী গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যার পর মোটরসাইকেল নিয়ে পালানোর সময় সিনেমার মতো ধাওয়া শেষে হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যালিফোর্নিয়ার র্যাঞ্চো কুকাহমাঙ্গা শহরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, শহরের হলিহক ড্রাইভ এলাকায় এক নারী অস্ত্রধারীর হুমকির শিকার হচ্ছেন—এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সান বার্নার্ডিনো কাউন্টি শেরিফের একদল কর্মকর্তা। অভিযানের সময় সন্দেহভাজনের গুলিতে নিহত হন ডেপুটি কর্মকর্তা অ্যান্ড্রু নুনেজ।
পুলিশ জানায়, হত্যাকারী পালানোর সময় মোটরসাইকেল নিয়ে ঘণ্টায় ১৫০ মাইল গতিবেগে ছুটতে থাকে। তাকে ধরতে বাকি কর্মকর্তারা গাড়ি নিয়ে ধাওয়া করেন।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, অফ ডিউটিতে থাকা এক পুলিশ কর্মকর্তা নিজের গাড়ি দিয়ে দ্রুতগতির মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় এবং সন্দেহভাজনকে ঘটনাস্থলেই গ্রেপ্তার করা হয়।
শেরিফ কর্তৃপক্ষ জানায়, নিহত কর্মকর্তা অ্যান্ড্রু নুনেজ ছয় বছর ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি দুই বছর বয়সী এক কন্যা সন্তান রেখে গেছেন, এছাড়া তার গর্ভবতী স্ত্রীও রয়েছেন।