সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › প্রিন্স উপাধি হারাচ্ছেন রাজা চার্লসের ভাই অ্যান্ড্রু, ছাড়তে হচ্ছে রয়্যাল লজ প্রাসাদ

প্রিন্স উপাধি হারাচ্ছেন রাজা চার্লসের ভাই অ্যান্ড্রু, ছাড়তে হচ্ছে রয়্যাল লজ প্রাসাদ

favicon
অনলাইন সংস্করণ
প্রিন্স উপাধি হারাচ্ছেন রাজা চার্লসের ভাই অ্যান্ড্রু, ছাড়তে হচ্ছে রয়্যাল লজ প্রাসাদ

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে বাকিংহাম প্রাসাদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, রাজা চার্লসের ভাই এখন থেকে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত হবেন। রাজা আনুষ্ঠানিকভাবে তার রাজকীয় উপাধি, মর্যাদা ও সম্মান বাতিলের প্রক্রিয়া শুরু করেছেন।


এর আগে চলতি মাসের শুরুতে অ্যান্ড্রু তার ‘ডিউক অব ইয়র্ক’ উপাধিসহ অন্যান্য রাজকীয় পদবিও ত্যাগ করেন। তার ব্যক্তিগত জীবন ও দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কের পর এই পদক্ষেপ আসে।


সম্প্রতি মৃত ভার্জিনিয়া জিউফ্রের স্মৃতিকথায় নতুন করে অভিযোগ করা হয়, কিশোরী বয়সে তিনি তিনবার প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন। যদিও অ্যান্ড্রু সব অভিযোগ অস্বীকার করেছেন।


প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, “যদিও অ্যান্ড্রু তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করছেন, রাজপরিবারের মর্যাদা ও জনআস্থার কারণে এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন বলে মনে করা হয়েছে।”


এছাড়া অ্যান্ড্রুকে রয়্যাল লজ প্রাসাদ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২০০৪ সাল থেকে তিনি সেখানে বসবাস করছিলেন। প্রাসাদের লিজ বাতিলের আনুষ্ঠানিক নোটিশও তাকে দেওয়া হয়েছে।


তিনি এখন রাজা চার্লসের অর্থায়নে স্যান্ডরিংহাম এস্টেটের একটি ব্যক্তিগত বাসভবনে থাকবেন বলে জানা গেছে।


অ্যান্ড্রুর সাবেক স্ত্রী সারা ফার্গুসনকেও রয়্যাল লজ থেকে সরে যেতে হবে। তিনি আগে “সারা, ডাচেস অব ইয়র্ক” নামে পরিচিত ছিলেন, তবে অ্যান্ড্রু উপাধি ত্যাগের পর তিনি নিজ পদবি “ফার্গুসন” ব্যবহার করছেন।


অ্যান্ড্রুর দুই কন্যা—প্রিন্সেস ইউজেনি ও প্রিন্সেস বিট্রিস—তাদের উপাধি ধরে রাখবেন। যদিও তিনি এখনো ব্রিটিশ সিংহাসনের অষ্টম উত্তরাধিকারী হিসেবে রয়েছেন।


জিউফ্রের পরিবার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, “তিনি (জিউফ্রে) তার সাহসিকতা ও সত্য বলার মাধ্যমে একজন ব্রিটিশ প্রিন্সকে পতন ঘটিয়েছেন।”