ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, বিতর্কিত বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি একটি রাজনৈতিক বিজ্ঞাপন ইস্যুতে ক্ষমা চেয়েছেন এবং অন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ডকে সেই বিজ্ঞাপনটি প্রচার না করার পরামর্শ দিয়েছেন।
দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় শীর্ষ সম্মেলন শেষে শনিবার (১ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কার্নি বিষয়টি নিশ্চিত করেন।
কার্নি বলেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আয়োজিত এক নৈশভোজে ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ হয়।
তিনি বলেন, “আমি প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছি।”
ট্রাম্পও শুক্রবার নিশ্চিত করেছেন যে কার্নি ব্যক্তিগতভাবে তার কাছে দুঃখ প্রকাশ করেছেন।
কার্নি আরও জানান, বিতর্কিত ওই বিজ্ঞাপনটি প্রচারের আগে তিনি ডগ ফোর্ডের সঙ্গে বিষয়টি পর্যালোচনা করেছিলেন, তবে নিজে তিনি বিজ্ঞাপন প্রচারের বিরোধিতা করেন।
তিনি বলেন, “আমি ফোর্ডকে বলেছিলাম, আমি চাই না বিজ্ঞাপনটি সম্প্রচারিত হোক।”
ওই বিজ্ঞাপনটি ফোর্ডের উদ্যোগে তৈরি করা হয়, যেখানে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের একটি উক্তি ব্যবহার করা হয়:
“শুল্ক আরোপ বাণিজ্য যুদ্ধের সূচনা করে এবং অর্থনীতিকে ধ্বংস করে।”
বিজ্ঞাপনটি প্রকাশের পর প্রতিক্রিয়ায় ট্রাম্প কানাডার পণ্যের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দেন এবং ওয়াশিংটন কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করে।
দক্ষিণ কোরিয়া সফর শেষে ট্রাম্প বলেন, ডিনারে কার্নির সঙ্গে তার “খুব সুন্দর” আলোচনা হয়েছে, তবে যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য আলোচনা আপাতত পুনরায় শুরু হবে না।
এদিকে, কার্নি জানান, তিনি চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গেও সাক্ষাৎ করেছেন এবং সেটিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও জানান, বিদেশি হস্তক্ষেপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে শি চিনপিংয়ের সঙ্গে আলোচনা হয়েছে।
কার্নি বলেন, “আমাদের এশিয়া সফরের মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের ওপর কানাডার নির্ভরতা কমানো। এটা রাতারাতি সম্ভব নয়, কিন্তু আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি।”