ফিলিস্তিনি বন্দি নির্যাতনের ভিডিও ফাঁস: সাবেক ইসরায়েলি সামরিক আইনজীবী ইয়িফাত টোমার-ইরুশালমি গ্রেপ্তার
ফিলিস্তিনি এক বন্দিকে নির্যাতনের ভিডিও ফাঁসের ঘটনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সাবেক মিলিটারি অ্যাডভোকেট জেনারেল মেজর জেনারেল ইয়িফাত টোমার-ইরুশালমিকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভিডিও ফাঁসের দায় স্বীকার করে গত সপ্তাহেই পদত্যাগ করেছিলেন টোমার-ইরুশালমি। পরে রবিবার তিনি নিখোঁজ হন বলে দাবি করা হয়। দীর্ঘ অনুসন্ধানের পর তেল আবিবের উত্তরের এক সমুদ্রসৈকত থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
২০২৪ সালের আগস্টে প্রচারিত ভিডিওটিতে দেখা যায়, দক্ষিণ ইসরায়েলের সদে টাইমান সামরিক ঘাঁটিতে কিছু রিজার্ভ সৈন্য এক ফিলিস্তিনি বন্দিকে আলাদা করে নিয়ে গিয়ে নির্মমভাবে নির্যাতন করে। এই ঘটনার পর পাঁচজন সৈন্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ দায়ের করা হয়, যদিও তারা অভিযোগ অস্বীকার করেছেন।
ভিডিও প্রকাশের পর ইসরায়েলি সামরিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দেন, টোমার-ইরুশালমি আর তার পদে ফিরতে পারবেন না। এরপর তিনি পদত্যাগপত্র জমা দেন এবং বলেন, “আমার অধীনস্থ ইউনিট থেকে কোনো তথ্য ফাঁস হয়ে থাকলে তার সম্পূর্ণ দায়িত্ব আমি নিচ্ছি।”
এই ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনীর ভেতরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।