নিউইয়র্কে ইতিহাস গড়লেন জোহরান মামদানি, শহরের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি। এর মাধ্যমে তিনি ইতিহাস গড়ে শহরের প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন।
বুধবার (৫ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর বরাত দিয়ে জানানো হয়েছে, নিউইয়র্ক সিটির আলোচিত এই নির্বাচনে মামদানি স্বাধীন প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে পরাজিত করে বিজয়ী হয়েছেন।
গণতান্ত্রিক সমাজতান্ত্রিক মতাদর্শের অনুসারী জোহরান মামদানি জীবনযাত্রার ব্যয় কমানো এবং সাধারণ মানুষের জন্য সমতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। তাঁর এই অঙ্গীকার তরুণসহ বিভিন্ন বয়সী ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, যা ভোটকেন্দ্রের উপস্থিতিতেও স্পষ্ট ছিল।
অ্যাস্টোরিয়া এলাকায় নিজের ভোট প্রদান করেন মামদানি।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি ছিল প্রথম বড় নির্বাচনী পরীক্ষা। এমন প্রেক্ষাপটে নিউইয়র্কের মতো একটি গুরুত্বপূর্ণ শহরে একজন মুসলিম প্রার্থীর বিজয়কে অনেকেই আমেরিকার রাজনীতিতে একটি নতুন যুগের সূচনা হিসেবে দেখছেন।