সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবামকে অশোভনভাবে স্পর্শ, মামলা করার ঘোষণা প্রেসিডেন্টের

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবামকে অশোভনভাবে স্পর্শ, মামলা করার ঘোষণা প্রেসিডেন্টের

favicon
অনলাইন সংস্করণ
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবামকে অশোভনভাবে স্পর্শ, মামলা করার ঘোষণা প্রেসিডেন্টের

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাম রাজধানী মেক্সিকো সিটিতে এক প্রকাশ্য অনুষ্ঠানে অশোভন আচরণের শিকার হয়েছেন। মঙ্গলবার জাতীয় প্রাসাদের কাছে সমর্থকদের সঙ্গে কথা বলার সময় এক ব্যক্তি তাকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা এবং শরীরে হাত দেন। ঘটনাস্থলেই পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।


ঘটনার পর প্রেসিডেন্ট শেইনবাম জানিয়েছেন, তিনি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা করবেন।


মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি পেছন দিক থেকে শেইনবামের গলায় চুমু খাওয়ার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে তিনি সরে দাঁড়ান এবং তার নিরাপত্তা টিমের একজন সদস্য দ্রুত হস্তক্ষেপ করেন।


বুধবার সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বলেন,


“আমি যদি অভিযোগ না করি, তাহলে দেশের অন্য নারীদের কী হবে? যদি প্রেসিডেন্টের সঙ্গেও এমন আচরণ করা যায়, তবে সাধারণ নারীরা কতটা নিরাপদ?”


তিনি আরও বলেন,


“আমি মামলা করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ এটি শুধু আমার নয়—এটি সব নারীর অভিজ্ঞতা। আমি প্রেসিডেন্ট হওয়ার আগে, এমনকি শিক্ষার্থী থাকাকালেও এমন অভিজ্ঞতা পেয়েছি।”


শেইনবাম জানান, অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থলে আরও কয়েকজন নারীকে হয়রানি করেছেন বলেও অভিযোগ উঠেছে। তিনি বলেন, “একটি সীমা টানতে হবে।”


মেক্সিকোতে নারীর প্রতি সহিংসতা ও নারী হত্যা (ফেমিসাইড) দীর্ঘদিন ধরেই গুরুতর সমস্যা। দেশটিতে লিঙ্গভিত্তিক হত্যার প্রায় ৯৮ শতাংশ অপরাধীই এখনো ধরা-ছোঁয়ার বাইরে।


প্রচারণার সময় শেইনবাম এই সমস্যা মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে তার ক্ষমতায় আসার পর এ বিষয়ে তেমন অগ্রগতি দেখা যায়নি।


ঘটনাটি এমন সময় ঘটল, যখন মেক্সিকোয় রাজনীতিকদের নিরাপত্তা ও প্রেসিডেন্টের উন্মুক্ত জনসংযোগ নীতিকে ঘিরে বিতর্ক চলছে। শেইনবাম তার পূর্বসূরি আন্দ্রেস ম্যানুয়েল লোপেস ওব্রাদোরের মতো জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখার পক্ষে।


তবে বিশেষজ্ঞদের মতে, এই উন্মুক্ত নীতির কারণে নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। তবুও প্রেসিডেন্ট শেইনবাম স্পষ্ট করে জানিয়েছেন, তিনি জনগণের সঙ্গে সরাসরি সাক্ষাৎ বন্ধ করবেন না।


ঘটনাটি এমন এক সময় ঘটেছে, যখন কয়েক দিন আগেই মিচোয়াকান রাজ্যের উরুয়াপান শহরের মেয়র কার্লোস মানজো মাদকচক্রবিরোধী অবস্থানের কারণে ‘ডে অব দ্য ডেড’ উৎসব চলাকালে খুন হন।