সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানিকে ‘বিপজ্জনক’ আখ্যা দিলেন ট্রাম্প, সাহায্য দেওয়ার শর্তও উল্লেখ

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানিকে ‘বিপজ্জনক’ আখ্যা দিলেন ট্রাম্প, সাহায্য দেওয়ার শর্তও উল্লেখ

favicon
অনলাইন সংস্করণ
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানিকে ‘বিপজ্জনক’ আখ্যা দিলেন ট্রাম্প, সাহায্য দেওয়ার শর্তও উল্লেখ

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির বিজয়োত্তর বক্তব্যে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকারকে ‘বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, তিনি মামদানিকে সহায়তা করতে প্রস্তুত, তবে সফল হতে হলে তাকে ‘ওয়াশিংটনের প্রতি সম্মানজনক’ আচরণ করতে হবে। তিনি আরও বলেন, “ওই মন্তব্যটি বিপজ্জনক। ওয়াশিংটনের প্রতি কিছুটা সম্মান দেখাতে হবে, কারণ তা না করলে তার সফল হওয়ার কোনো সুযোগ থাকবে না।”

ফক্স নিউজের ব্রেট বায়ারের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি চাই সে সফল হোক। আমি চাই শহরটি সফল হোক।” যদিও তিনি দ্রুত স্পষ্ট করে জানান, আসলে তার লক্ষ্য মামদানির নয়, বরং নিউইয়র্ক সিটির সফলতা।

এর আগে বুধবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তার প্রশাসন নতুন মেয়রকে সহায়তা করবে, তবে একই সময়ে তিনি মামদানিকে ‘কমিউনিস্ট’ হিসেবে আখ্যায়িত করেছেন। ফ্লোরিডার মায়ামিতে আমেরিকান বিজনেস ফোরামে দেওয়া ভাষণে তিনি বলেন, “কমিউনিস্ট, মার্কসবাদী ও গ্লোবালিস্টরা শুধু বিপর্যয়ই ডেলিভার করেছে। এখন দেখা যাক নিউইয়র্কে একজন কমিউনিস্ট কেমন করে কাজ করে। আমরা তাকে কিছুটা সাহায্য করব। আমরা চাই নিউইয়র্ক সফল হোক।”

নিউইয়র্কের মেয়র নির্বাচনের আগে ট্রাম্প একাধিকবার মামদানিকে ‘কমিউনিস্ট পাগল’ আখ্যা দেন এবং হুঁশিয়ারি দেন, নির্বাচিত হলে শহরের ফেডারেল তহবিল বন্ধ করে দেওয়া হবে।