লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১, আহত একাধিক — হিজবুল্লাহর সংলাপ প্রত্যাখ্যান
লেবাননে ইসরায়েলের একাধিক বিমান হামলায় অন্তত একজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের টৌরা এলাকায় একটি আবাসিক ভবনে হামলায় একজন নিহত ও আটজন আহত হন বলে জানিয়েছে জাতীয় বার্তা সংস্থা (এনএনএ)।
টাইর শহরের নিকটবর্তী তায়ের দেবা এলাকায় আরও একটি হামলায় একজন আহত হন। এছাড়া তায়বে ও আইতা আল-জাবাল শহরও ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিল।
অন্যদিকে, লেবানন ও ইসরায়েলের মধ্যে সম্ভাব্য রাজনৈতিক আলোচনার কথা নাকচ করে দিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটি জানায়, তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং এই অবস্থান থেকে তারা পিছু হটবে না।
হিজবুল্লাহর রাজনৈতিক নেতৃত্বের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্র ও মিসর সম্প্রতি লেবাননের নেতাদের আলোচনায় বসার জন্য চাপ দিচ্ছে। এর প্রেক্ষিতেই সংগঠনটি সংলাপের সম্ভাবনা বাতিল করেছে।
বর্তমানে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থা বিরাজ করছে। যদিও সাম্প্রতিক সংঘর্ষে লেবাননের সেনাবাহিনীর বদলে হিজবুল্লাহই নেতৃত্ব দিচ্ছে।
উল্লেখ্য, ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও কূটনৈতিক যোগাযোগ জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় পরিচালিত হচ্ছে।
সূত্র: এএফপি ও মিডল ইস্ট আই।