ইসরাইলের ইরান হামলার দায় স্বীকার করলেন ট্রাম্প: “আমি ছিলাম সম্পূর্ণ দায়িত্বে”
ইরানে গত জুনে সংঘটিত হামলার দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্বীকার করেছেন, ইসরাইলের ইরান আক্রমণের সম্পূর্ণ দায়িত্বে ছিলেন তিনি নিজেই।
শুক্রবার (৭ নভেম্বর) এক বক্তব্যে ট্রাম্প বলেন, “ইসরাইল প্রথম আক্রমণ করেছিল, আর সেই আক্রমণ ছিল অত্যন্ত শক্তিশালী। আমি পুরোপুরি সেই অভিযানের দায়িত্বে ছিলাম। ইরানে হামলার দিনটি ইসরাইলের জন্য ছিল এক বিশাল সাফল্যের দিন, কারণ সেই আঘাত অন্যান্য সব কিছুর চেয়ে অনেক বেশি ক্ষতি করেছিল।”
আল–জাজিরার প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় ওয়াশিংটন প্রশাসন ঘটনাটি থেকে নিজেদের দায়মুক্ত করার চেষ্টা করেছিল। কিন্তু এখন ট্রাম্প প্রকাশ্যে সেই অভিযানের কৃতিত্ব নিচ্ছেন এবং যুদ্ধের ফলাফলকে ‘যুক্তরাষ্ট্রের সফল কৌশলগত পদক্ষেপ’ হিসেবে তুলে ধরছেন।
ট্রাম্পের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন তিনি রিপাবলিকান সিনেটরদের ফিলিবাস্টার নীতি বাতিল করে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় আইন পাসের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “আমার দলকে ঠিক সেইভাবে এগিয়ে যেতে হবে, যেভাবে আমরা ইসরাইল-ইরান যুদ্ধে প্রথম পদক্ষেপ নিয়েছিলাম।”
উল্লেখ্য, গত জুনে ইসরাইলের বিমান হামলার জবাবে ইরানের পাল্টা প্রতিশোধমূলক আক্রমণ ছিল ভয়াবহ। মাত্র ১২ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য হতে হয়।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই প্রকাশ্য স্বীকারোক্তি কেবল যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থানকেই জটিল করবে না, বরং ইরান–মার্কিন সম্পর্ককেও আরও উত্তপ্ত করে তুলতে পারে।