ভেনিজুয়েলায় সামরিক হামলার আগে কংগ্রেসের অনুমোদন বাধ্যতামূলক করার প্রস্তাব নাকচ করল মার্কিন সিনেট
মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটররা এমন একটি আইন প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছেন, যা পাস হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভেনিজুয়েলায় সামরিক হামলা চালানোর আগে কংগ্রেসের অনুমোদন নিতে হতো।
বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে দুইজন রিপাবলিকান সিনেটর নিজেদের দলের অবস্থান থেকে সরে এসে ডেমোক্র্যাটদের সঙ্গে পক্ষে ভোট দিলেও, প্রস্তাবটি ৫১-৪৯ ভোটে বাতিল হয়। ফলে কংগ্রেসের অনুমোদন ছাড়াই প্রেসিডেন্টের সামরিক পদক্ষেপের ক্ষমতা অক্ষুণ্ন থাকে।
ভোটের আগে ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন বলেন, “কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ শুরু করা উচিত নয়। এটি শুধু সংবিধানের প্রশ্ন নয়, নৈতিকতারও প্রশ্ন।”
এই ভোট এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকার উপকূলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। সম্প্রতি ভেনিজুয়েলা ও কলম্বিয়ার উপকূলীয় আন্তর্জাতিক জলসীমায় মার্কিন বাহিনীর হামলায় অন্তত ৬৫ জন নিহত হন।
ওয়াশিংটন দাবি করছে, ওই নৌযানগুলো মাদক পরিবহন করছিল। তবে লাতিন আমেরিকার নেতারা, কিছু মার্কিন কংগ্রেস সদস্য, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এবং নিহতদের পরিবারের সদস্যরা এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তাদের অভিযোগ, এসব হামলা ছিল বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, যেখানে নিহতদের বেশিরভাগই সাধারণ জেলে ছিলেন।
এরই মধ্যে আশঙ্কা বাড়ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প দক্ষিণ আমেরিকায় ব্যাপক সামরিক শক্তি মোতায়েনের পরিকল্পনা করছেন। এতে থাকতে পারে হাজার হাজার মার্কিন সেনা, একটি পারমাণবিক সাবমেরিন, এবং নৌবাহিনীর সর্বাধুনিক বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডসহ একাধিক যুদ্ধজাহাজ।
ওয়াশিংটন প্রশাসন দীর্ঘদিন ধরে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে মাদক চোরাচালান ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে আসছে। আর ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে মাদুরো সরকারকে উৎখাত করতে সামরিক হামলাও চালানো হতে পারে।