সরকারি অচলাবস্থায় যুক্তরাষ্ট্রে বিমান চলাচলে বিপর্যয়: একদিনেই ৫ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত
যুক্তরাষ্ট্রে সরকারি তহবিল বন্ধ হয়ে যাওয়ার প্রভাব এবার বিমান চলাচল খাতে সরাসরি পড়েছে। শুক্রবার একদিনেই ৫ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। সরকারি অচলাবস্থার কারণে বিমান চলাচল সীমিত করার নতুন নির্দেশনা কার্যকর হওয়ার দিনেই এ বিপর্যয় ঘটে। খবর বিবিসির।
নতুন নীতিমালা অনুযায়ী, শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের ৪০টি বৃহত্তম বিমানবন্দরে ফ্লাইট সংখ্যা কমানো হয়েছে। এ পদক্ষেপের লক্ষ্য—এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও অন্যান্য ফেডারেল কর্মীদের ওপর চাপ কমানো, যারা সরকারের অর্থায়ন বন্ধ থাকায় টানা বেতন ছাড়া কাজ চালিয়ে যাচ্ছেন।
সূত্র জানায়, বহু “অত্যাবশ্যক কর্মী” গত মাস থেকে বেতন না পাওয়ায় কেউ কেউ অসুস্থতার অজুহাতে ছুটি নিচ্ছেন বা জীবিকা নির্বাহের জন্য বিকল্প পেশায় যুক্ত হচ্ছেন। এতে বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় তীব্র জনবল সংকট তৈরি হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জরুরি নির্দেশনা জারি করে ফ্লাইট সংখ্যা ৪ শতাংশ কমিয়েছে। সংস্থাটি জানিয়েছে, প্রয়োজন হলে আগামী সপ্তাহে এই হার ১০ শতাংশ পর্যন্ত বাড়ানো হবে।
এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস, শিকাগো ও ওয়াশিংটন ডিসির মতো যুক্তরাষ্ট্রের প্রধান বিমানবন্দরগুলো।
এফএএ জানিয়েছে, টানা কাজের চাপে নিয়ন্ত্রণকর্মীরা মানসিক ও শারীরিকভাবে চরম ক্লান্ত হয়ে পড়েছেন। তবুও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।