দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তদের ভিসা বাতিল হতে পারে: যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রে অভিবাসন ভিসার নিয়ম আরও কঠোর করেছে ট্রাম্প প্রশাসন। নতুন নির্দেশনা অনুযায়ী, ডায়াবেটিস, হৃদরোগসহ দীর্ঘস্থায়ী অসুস্থতায় ভোগা ব্যক্তিদের ভিসা বাতিল হতে পারে। এমনকি এসব রোগীর গ্রিন কার্ড আবেদনও নাকচ করা হতে পারে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) জারি করা নতুন নির্দেশনায় বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনস্যুলার অফিসকে এ বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।
নির্দেশনায় বলা হয়েছে, যেসব অভিবাসনপ্রার্থী বা আবেদনকারীর চিকিৎসায় বিপুল অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে, তাদের যুক্তরাষ্ট্রের জন্য আর্থিক বোঝা হিসেবে বিবেচনা করা হবে। ফলে তারা ভিসা বা স্থায়ী নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে ঝুঁকিতে থাকবেন।
তালিকায় হৃদরোগ ও ডায়াবেটিসের পাশাপাশি শ্বাসযন্ত্রের সমস্যা, ক্যান্সার এবং মানসিক রোগসহ আরও বেশ কিছু দীর্ঘস্থায়ী অসুস্থতা অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে নির্দেশনাটির প্রভাব মূলত ইমিগ্রেশন বা স্থায়ী বসবাসের আবেদনকারীদের ক্ষেত্রেই বেশি পড়বে বলে জানা গেছে। ভিজিট বা স্টুডেন্ট ভিসার আবেদনকারীদের ওপর এর প্রভাব তুলনামূলকভাবে কম হবে।