ট্রাম্পের ভাষণ সম্পাদনা বিতর্কে বিবিসি মহাপরিচালক ও বার্তাপ্রধানের পদত্যাগ
ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা নিয়ে সৃষ্টি হওয়া তীব্র সমালোচনার জেরে পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তাপ্রধান ডেবোরাহ টারনেস। গাজা ইস্যুসহ আরও কয়েকটি আন্তর্জাতিক বিষয়ে পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগও উঠেছে ব্রিটিশ এই সংবাদমাধ্যমটির বিরুদ্ধে।
বিবিসির সাবেক এক উপদেষ্টার পক্ষপাতের অভিযোগ তোলার পরই বিষয়টি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ একটি নথি প্রকাশ করে জানায়, বিবিসি তাদের “প্যানোরামা” তথ্যচিত্রে ট্রাম্পের ভাষণের অংশবিশেষ কেটে জোড়া লাগিয়ে সম্প্রচার করেছিল।
গত বছর নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে প্রচারিত ওই তথ্যচিত্রে সম্পাদনার ফলে ট্রাম্পের বক্তব্য এমনভাবে উপস্থাপিত হয়, যেন তিনি সবাইকে ক্যাপিটল হিলে যেতে এবং নিজেও সেখানে যোগ দিয়ে লড়াই করতে আহ্বান জানিয়েছেন।
ভুল স্বীকার করে টিম ডেভি ও ডেবোরাহ টারনেস পৃথক বিবৃতি দিয়েছেন, যেখানে তাঁরা ঘটনাটিকে “দুঃখজনক ভুল” বলে অভিহিত করেছেন এবং প্রতিষ্ঠানের প্রতি জনআস্থা পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।