সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › যুক্তরাষ্ট্রজুড়ে একদিনে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল, থমকে যেতে পারে আকাশপথ

যুক্তরাষ্ট্রজুড়ে একদিনে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল, থমকে যেতে পারে আকাশপথ

favicon
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রজুড়ে একদিনে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল, থমকে যেতে পারে আকাশপথ

চলমান সরকার অচলাবস্থার (শাটডাউন) কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। রোববার (৯ নভেম্বর) একদিনেই ৩ হাজার ৩০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে দেশটির বিভিন্ন বিমান সংস্থা। পরিবহন দফতরের এক শীর্ষ কর্মকর্তার সতর্কবার্তায় বলা হয়েছে, পরিস্থিতি অব্যাহত থাকলে দেশটির আকাশপথে ভ্রমণ “প্রায় থমকে যেতে পারে”। খবর আল জাজিরার।

সরকারি বাজেট বিল নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতাদের টানাপোড়েনে ৪০ দিন ধরে সরকারি কার্যক্রম স্থবির হয়ে আছে। যদিও এরই মধ্যে তারা অচলাবস্থা নিরসনে অস্থায়ী এক চুক্তিতে পৌঁছেছেন।

এর আগে, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) কর্মীদের কর্মবিরতির কারণে বিমান চলাচল নিয়ন্ত্রণে আংশিক সীমাবদ্ধতা আরোপ করে। প্রায় ১৩ হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার—যাদের ‘অপরিহার্য কর্মী’ হিসেবে গণ্য করা হয়—১ অক্টোবর থেকে বেতন ছাড়া দায়িত্ব পালন করছেন।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, রোববার যুক্তরাষ্ট্রে ৩ হাজার ৩০৪টি ফ্লাইট বাতিল হয় এবং আরও ১০ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়। শনিবার বাতিল হয়েছিল প্রায় ১ হাজার ৫০০টি এবং শুক্রবার আরও ১ হাজার ফ্লাইট।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, “থ্যাংকসগিভিং ছুটির সময়ের আগেই বিমান ভ্রমণ প্রায় বন্ধ হয়ে যেতে পারে। তখন মানুষ পরিবার-পরিজনের সঙ্গে দেখা করতে ভ্রমণে বের হবে, কিন্তু ফ্লাইটের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম থাকবে। যতক্ষণ না পর্যন্ত এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা তাদের বেতন পান, পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”