সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ইসরায়েলি বাধায় গাজায় জাতিসংঘের ত্রাণ আটকে ৫,০০০ ট্রাক

ইসরায়েলি বাধায় গাজায় জাতিসংঘের ত্রাণ আটকে ৫,০০০ ট্রাক

favicon
অনলাইন সংস্করণ
ইসরায়েলি বাধায় গাজায় জাতিসংঘের ত্রাণ আটকে ৫,০০০ ট্রাক

গাজায় মানবিক সহায়তা পাঠাতে তীব্র বাধার মুখে পড়েছে জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডাব্লিউএ (UNRWA)। ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে সংস্থাটির মালিকানাধীন প্রায় ৫,০০০ ত্রাণবাহী ট্রাক সীমান্তে আটকা রয়েছে।


সংস্থার গাজা কার্যক্রমের সিনিয়র উপপরিচালক জন হোয়াইট ব্রিটিশ দৈনিক দ্য জার্নাল-কে জানান, “ইসরায়েল আমাদের কোনো সরঞ্জাম গাজায় ঢুকতে দিচ্ছে না। তারা বলছে, আমাদের ত্রাণসামগ্রী অন্য সংস্থার মাধ্যমে সরবরাহ করতে হবে।”


তিনি আরও বলেন, ইসরায়েল শুধু সরবরাহ হস্তান্তরের নির্দেশই দিচ্ছে না, বরং ত্রাণের প্যাকেজ থেকে ইউএনআরডাব্লিউএ–এর লোগোও মুছে ফেলতে বলছে।


গত বছর ইসরায়েলি সংসদে ইউএনআরডাব্লিউএ–এর কার্যক্রম নিষিদ্ধ করার আইন পাস হয়, যা চলতি বছরের জানুয়ারি থেকে কার্যকর হয়। এর ফলে সংস্থাটি সরাসরি গাজায় ত্রাণ পৌঁছাতে পারছে না, যদিও সেখানকার লাখো মানুষ খাদ্য, পানি ও চিকিৎসার তীব্র সংকটে ভুগছে।


জাতিসংঘের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, ইসরায়েলের এই বিধিনিষেধ অব্যাহত থাকলে গাজার মানবিক বিপর্যয় আরও গভীর হবে এবং এর সবচেয়ে বড় মূল্য দিতে হবে সাধারণ মানুষকে।