অবৈধভাবে ইতালি যাওয়া ও রাজনৈতিক আশ্রয়ের আবেদন পাসপোর্ট র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলে: ইতালির রাষ্ট্রদূত
বাংলাদেশ থেকে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করলে সেটি বাংলাদেশের পাসপোর্টের আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে নেতিবাচক প্রভাব ফেলে—এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তনিও অ্যালসেন্দ্রো।
সোমবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) অডিটরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশ-ইতালি সম্পর্ক উন্নয়ন’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন তিনি।
সেমিনারে রাষ্ট্রদূত অবৈধ অভিবাসন, ব্যবসায়িক জটিলতা এবং পারস্পরিক বাণিজ্যিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন,
“ওয়ার্ল্ড র্যাংকিংয়ে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান নিচে থাকায় অনেকে অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। পাশাপাশি বৈধ নথিপত্রের স্বচ্ছতা নিশ্চিত করতে না পারায় বিদেশি বিনিয়োগকারীরাও অনেক সময় ভোগান্তিতে পড়েন।”
অ্যান্তনিও অ্যালসেন্দ্রো আরও বলেন,
“বাংলাদেশ সরকারকে অবৈধ অনুপ্রবেশ রোধে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। এতে শুধু পাসপোর্টের মানই উন্নত হবে না, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি আরও শক্তিশালী হবে।”
ইতালির রাষ্ট্রদূত বাণিজ্যিক ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জের কথা উল্লেখ করেন। তিনি বলেন,
“উচ্চ ট্যারিফের কারণে ইতালির পণ্য বাংলাদেশে রফতানিতে জটিলতা তৈরি হচ্ছে। তাই উভয় দেশের মধ্যে একটি সুস্পষ্ট ও সুবিধাজনক বাণিজ্য নীতি প্রণয়ন করা জরুরি।”
তিনি বাংলাদেশ-ইতালি দ্বিপাক্ষিক বাণিজ্যে ট্যারিফমুক্ত নীতির ওপর গুরুত্বারোপ করেন এবং স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ গঠনে দুই দেশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।