সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ইন্দোনেশিয়ায় সাবেক স্বৈরশাসক সুহার্তোকে ‘জাতীয় বীর’ ঘোষণা, সমালোচনার ঝড়

ইন্দোনেশিয়ায় সাবেক স্বৈরশাসক সুহার্তোকে ‘জাতীয় বীর’ ঘোষণা, সমালোচনার ঝড়

favicon
অনলাইন সংস্করণ
ইন্দোনেশিয়ায় সাবেক স্বৈরশাসক সুহার্তোকে ‘জাতীয় বীর’ ঘোষণা, সমালোচনার ঝড়

ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও স্বৈরশাসক সুহার্তোকে ‘জাতীয় বীর’ হিসেবে ঘোষণা করেছে দেশটির সরকার। তবে মানবাধিকার লঙ্ঘন ও স্বৈরাচারী শাসনের অভিযোগে বিতর্কিত এই নেতাকে বীরের মর্যাদা দেওয়ায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মানবাধিকারকর্মী, বুদ্ধিজীবী ও রাজনৈতিক বিশ্লেষকেরা।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ-এর প্রতিবেদনে বলা হয়, সুহার্তোসহ মোট ১০ জনকে এ বছর ‘জাতীয় বীর’ উপাধি দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়ার বর্তমান প্রেসিডেন্টের সামরিক সচিব আনুষ্ঠানিকভাবে এই তালিকা পড়ে শোনান।


উল্লেখযোগ্য বিষয় হলো, বর্তমান প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো সুহার্তোর সাবেক জামাতা। গত অক্টোবর মাসে ইন্দোনেশিয়ার সামাজিক ও সাংস্কৃতিক মন্ত্রণালয় প্রায় ৫০ জন প্রার্থীকে এই পদমর্যাদার জন্য মনোনীত করেছিল। পর্যালোচনার পর চূড়ান্ত তালিকায় সুহার্তোর নাম যুক্ত করা হয়।


সোমবার এক সরকারি অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন সুহার্তোর সন্তানরা। প্রেসিডেন্টের অফিসের লাইভস্ট্রিমে দেওয়া বক্তব্যে বলা হয়, স্বাধীনতা আন্দোলনের সময় সুহার্তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ১৯৪৫ সালে জাকার্তায় জাপানি সেনাদের অস্ত্রসম্ভার দখলের অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন।


তবে বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতা আন্দোলনে ভূমিকা রাখলেও তার দীর্ঘ শাসনামলে ব্যাপক দুর্নীতি, দমননীতি ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে সুহার্তোর ‘জাতীয় বীর’ মর্যাদা ইতিহাস বিকৃতির শামিল।