দিল্লির লাল কেল্লার কাছে গাড়ি বিস্ফোরণ: নয়জন নিহত, দেশজুড়ে সতর্কতা জারি
দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ এক গাড়ি বিস্ফোরণের ঘটনায় অন্তত নয়জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। তবে এনডিটিভি জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। ঘটনার পর ভারতজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) জানিয়েছে, তদন্ত কার্যক্রমের কারণে আগামী তিন দিন দর্শনার্থীদের জন্য লাল কেল্লা বন্ধ থাকবে। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়, তবে এটি নাশকতা না দুর্ঘটনা—তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় হুন্ডাই আই-২০ গাড়িটিতে তিনজন ছিলেন। ঘটনাস্থলে পাওয়া তথ্য অনুযায়ী, এটি আত্মঘাতী হামলা ছিল কি না, তা তদন্তাধীন। আহতদের শরীরে কোনও গুলির বা ছিদ্রের চিহ্ন না পাওয়া বিষয়টি “অস্বাভাবিক” বলে মন্তব্য করেছেন এক কর্মকর্তা।
এদিকে, দিল্লি বিস্ফোরণ মামলায় সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীর ছবি প্রকাশ করা হয়েছে। ওই ব্যক্তি বিস্ফোরিত সাদা হুন্ডাই আই-২০ গাড়িটির চালক ছিলেন।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও সতর্কতা
ঘটনার পর ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস নিরাপত্তা সতর্কতা জারি করেছে। সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের লাল কেল্লা ও চাঁদনী চকের আশেপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরো সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে জানিয়েছে—
“নয়াদিল্লির ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।”
এছাড়া, যুক্তরাজ্য সরকারও ভারতের কিছু অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। বিশেষ করে ভারত-পাকিস্তান সীমান্ত থেকে ১০ কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর (এফসিডিও)।
সরকারি তদন্ত ও নিরাপত্তা ব্যবস্থা
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ স্থানীয় সময় সকাল ১১টায় উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক ডেকেছেন।
দিল্লি পুলিশের উত্তর বিভাগের ডিসিপি রাজা বাঁথিয়া জানিয়েছেন, ঘটনায় ইউএপিএ (Unlawful Activities Prevention Act) এবং বিএনএস (ভারতীয় ন্যায় সংহিতা) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
তদন্তকারীরা বিস্ফোরণের প্রকৃতি, উদ্দেশ্য এবং সম্ভাব্য জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে বলে জানান তিনি।
সূত্র: বিবিসি, এনডিটিভি, এএনআই