সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার প্রক্রিয়া শুরু করলেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার প্রক্রিয়া শুরু করলেন ট্রাম্প

favicon
অনলাইন সংস্করণ
মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার প্রক্রিয়া শুরু করলেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের কিছু শাখাকে বিদেশি সন্ত্রাসী সংগঠন ও বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেবানন, মিসর এবং জর্দানের ব্রাদারহুড শাখাগুলোকে লক্ষ্য করেই এই প্রক্রিয়া শুরু করা হয়েছে। আরব বিশ্বের সবচেয়ে পুরোনো ও প্রভাবশালী ইসলামী রাজনৈতিক আন্দোলনটির ওপর নিষেধাজ্ঞা আরোপের এটিই হতে পারে সবচেয়ে বড় পদক্ষেপ।


হোয়াইট হাউসের তথ্যমতে, ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যেখানে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে নির্দেশ দেওয়া হয়েছে নির্ধারিত দেশগুলোতে ব্রাদারহুডের শাখাগুলোকে সন্ত্রাসী হিসেবে মনোনীত করা হবে কি না—সে বিষয়ে প্রতিবেদন জমা দিতে। প্রতিবেদন জমা পড়ার পরবর্তী ৪৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট সচিবরা প্রয়োজনীয় নিষেধাজ্ঞা আরোপ করতে পারবেন।


ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ওই দেশগুলোর ব্রাদারহুড শাখাগুলো ইসরায়েল ও মার্কিন অংশীদারদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডকে সমর্থন করে এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সহায়তা প্রদান করে। তথ্যপত্রে বলা হয়, মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও মিত্রদের বিরুদ্ধে সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ব্রাদারহুডের আন্তর্জাতিক নেটওয়ার্কের ওপর পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।


রিপাবলিকান ও ডানপন্থী নেতারা দীর্ঘদিন ধরে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার দাবি জানিয়ে আসছেন। ট্রাম্পও তার প্রথম মেয়াদে এমন চেষ্টা করেছিলেন। দ্বিতীয় মেয়াদেও একই উদ্যোগ আবারও সামনে আনেন তিনি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে গভর্নর গ্রেগ অ্যাবট ব্রাদারহুডের ওপর একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেন।


১৯২০-এর দশকে মিসরে ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদের প্রভাব ঠেকাতে মুসলিম ব্রাদারহুড একটি ইসলামী রাজনৈতিক আন্দোলন হিসেবে গড়ে ওঠে। পরে এটি দ্রুত বিভিন্ন মুসলিম দেশে ছড়িয়ে পড়ে এবং বড় রাজনৈতিক শক্তি হয়ে ওঠে, যদিও বেশিরভাগ সময় সংগঠনটির কার্যক্রম গোপনেই পরিচালিত হয়।


সূত্র: রয়টার্স